উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে এই কীর্তি গড়েন তিনি।
ম্যাচ শুরুর আগে বাবর আজমের প্রয়োজন ছিল মাত্র সাত রান। ৫৭ বলে ৪৫ রানের ইনিংস খেলার পথে তিনি এই মাইলফলক অতিক্রম করেন। বর্তমানে ৩৫৫ ম্যাচে ৩৯৯ ইনিংস ব্যাট করে বাবর আজমের মোট রান দাঁড়িয়েছে ১৬০৩৮।
৩২ বছর বয়সী এই ব্যাটার ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩২টি সেঞ্চুরি ও ১১১টি হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন। পাকিস্তানের পঞ্চম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের ক্লাবে নাম লেখালেন বাবর।
এর আগে পাকিস্তানের হয়ে এই কৃতিত্ব অর্জন করেছেন ইনজামাম উল হক, ইউনিস খান, মোহাম্মদ ইউসুফ এবং জাভেদ মিয়াদাঁদ। বাবর আজমের এই অর্জনে তাকে অভিনন্দন জানিয়েছেন ক্রিকেটপ্রেমীরা।