
.jpeg)
নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, দেশের সড়ক–মহাসড়কগুলোয় ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটির কারণে একের পর এক এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেই চলেছে।
মঙ্গলবার ভোরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১৪ জন নিহত এবং অন্তত ৩২ জন আহত হন। সকালে জামায়াত ও গোলাম পরওয়ারের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে গোলাম পরওয়ার নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতা দিতে সরকারের প্রতি জোর দাবি জানান।
সড়কে প্রাণহানি রোধে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ যানবাহন চলাচল বন্ধ এবং সড়ক সিন্ডিকেট ভেঙে নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেন তিনি।