
.jpeg)
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ছোট করে দেখছে না নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় নির্বাচনের মতোই এই উপনির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই উপনির্বাচনের কেন্দ্রীয় আইনশৃঙ্খলা সমন্বয় সেল পর্যবেক্ষণ করেন সিইসি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন।
সিইসি জানান, উপনির্বাচনটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং পুরো নির্বাচনী কার্যক্রম কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হচ্ছে। ইসি স্বচ্ছতায় বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, ১১–দলীয় জোটের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগগুলোর ইতোমধ্যে সমাধান করা হয়েছে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে পুলিশ, প্রশাসন, বিজিবিসহ সংশ্লিষ্ট সব বাহিনী ও সংস্থাকে নির্বাচনী দায়িত্বে মোতায়েন করা হয়েছে।
শুধু একটি নির্বাচন নয়, ইসি ভালো নির্বাচনের একটি সংস্কৃতি গড়ে তুলতে চায় বলে জানান সিইসি। তিনি বলেন, নির্বাচনের কথা বলতে অনেক সময় লজ্জা পেতে হয় এবং জাতীয় নির্বাচনের জন্য সাড়ে ৯ লাখ লোক মোতায়েন করতে হয়, যা অনেক দেশের জন্য অচিন্তনীয়। নির্বাচন কমিশন ভোটযুদ্ধকে ভোট উৎসবে পরিণত করতে চায় এবং দেশে একটি উৎসবমুখর নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে বদ্ধপরিকর।