
.jpeg)
বিদেশী বিনিয়োগ উৎসাহিত করা এবং লভ্যাংশ ও বিনিয়োগের অর্থ নিজ দেশে ফেরত নেয়ার প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে উৎপাদন ও সেবা খাতের কোম্পানিগুলোকে অনাবাসী বিনিয়োগকারীদের অনুকূলে অগ্রাধিকার শেয়ার ইস্যু করার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করে এই নির্দেশনা প্রদান করে। এতে অগ্রাধিকার শেয়ার ইস্যু, সাধারণ শেয়ারে রূপান্তর এবং বিদেশী বিনিয়োগকারীদের লভ্যাংশ দেশে ফেরত পাঠানোর বিস্তারিত নির্দেশনা দেয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, যদি প্রেফারেন্স শেয়ারের লভ্যাংশের হার শেয়ারের অভিহিত মূল্যের পাঁচ শতাংশের বেশি না হয়, তবে কোম্পানিগুলোকে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি নিতে হবে না। তবে লভ্যাংশের হার পাঁচ শতাংশের বেশি হলে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি প্রয়োজন হবে। এ ধরনের শেয়ার ইস্যুর বিপরীতে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় বিনিয়োগের অর্থ বাংলাদেশে আনতে হবে এবং তা অভিহিত মূল্যে ইস্যু করতে হবে।
প্রেফারেন্স শেয়ারকে সাধারণ শেয়ারে রূপান্তরের ক্ষেত্রে, ইস্যুকারী কোম্পানিকে তাদের মনোনীত অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে ফরেন এক্সচেঞ্জ ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টকে অবহিত করতে হবে। নির্দেশনায় বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা বিনিময় সংক্রান্ত বিধিবিধান অনুসরণ এবং প্রযোজ্য কর পরিশোধ করা হলে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই এডি ব্যাংক লভ্যাংশ ও শেয়ার অবসায়নের অর্থ বিদেশে পাঠাতে পারবে। শেয়ার অবসায়নের কিস্তির অর্থ পাঠানোর প্রতিটি ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংককে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে।