
.jpeg)
ঢাকা, ৩ নভেম্বর ২০২৬ (বাসস): প্রতিকূলতা ও দারিদ্র্যকে জয় করে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র প্রথম আসরে সেরা ফুটবলার হওয়া জান্নাতুল ফেরদৌস ফারিহার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। ফারিহার প্রতিভা বিকাশ ও ফুটবল চালিয়ে যাওয়ার সুযোগ নিশ্চিত করতে এক বছরের জন্য প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি। ফুটবল সরঞ্জাম, জার্সি, বুট ও ট্র্যাকস্যুটের পাশাপাশি উন্নত চিকিৎসার যাবতীয় ব্যয়ও বহন করবে তারা।
বাক্প্রতিবন্ধী বাবা ও দিনমজুর মায়ের সন্তান ফারিহা প্রতিকূলতার মধ্যেও নিজের অসাধারণ ফুটবলশৈলীতে নজর কেড়েছে। তার প্রতিভাকে যথাযথ পরিচর্যা ও পৃষ্ঠপোষকতা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। এ সময় সংস্থার সাধারণ সম্পাদক শারমিন আক্তার রত্নাসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সংস্থার এই সহযোগিতায় উচ্ছ্বসিত ফারিহা। তার বিশ্বাস, আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম পাওয়ায় ফুটবলে আরও ভালো করার অনুপ্রেরণা পাবে সে। ভবিষ্যতে আরও ভালো পারফরম্যান্সের মাধ্যমে দেশের জন্য সুনাম বয়ে আনতে চায় এই ক্ষুদে ফুটবলার। সংস্থাটির প্রত্যাশা, প্রয়োজনীয় সহযোগিতা ও পরিচর্যা পেলে ফারিহা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।