
.jpeg)
নগদ অর্থের ওপর নির্ভরতা কমানো এবং দেশের মানুষের কাছে ডিজিটাল পেমেন্ট সুবিধা সহজলভ্য করাই বাংলা কিউআর সেবা সম্প্রসারণের লক্ষ্য। গত জুনে দৈনিক ৪০ কোটি টাকার লেনদেন থেকে বর্তমানে তা চার গুণে উন্নীত হয়েছে।
বুধবার রাজধানীর বনানী ও গুলশান এলাকার কয়েকটি খুচরা বিক্রয় কেন্দ্রে এ সেবা সম্প্রসারণের নতুন উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোহাম্মদ হাবিবুর রহমান এ সেবার উদ্বোধন করেন।
ডেপুটি গভর্নর বলেন, নগদবিহীন লেনদেন উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংক দেশব্যাপী বিভিন্ন খুচরা বিক্রয় নেটওয়ার্কে এ সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। সেবার মান উন্নয়নে গত ১ নভেম্বর ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সুবিধা চালু করা হয়েছে।
তৃণমূল পর্যায়ে এ সেবা সম্প্রসারণের চ্যালেঞ্জ তুলে ধরে তিনি জানান, মোবাইল ডিভাইস ও নেটওয়ার্ক সুবিধার সীমিত প্রাপ্যতা বড় বাধা। আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে ব্যাংক ও এমএফএস প্রদানকারীদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, নগদবিহীন লেনদেন বাড়লে মুদ্রা নোট ছাপানোর ব্যয় কমবে এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা বাড়বে। নগদবিহীন অর্থনীতি গড়ে তুলতে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।