আসন্ন এপেক সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি বৈঠক হতে পারে বলে জানিয়েছে ক্রেমলিন। আগামী ১৮ ও ১৯ নভেম্বর চীনের শেনজেন শহরে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা জোটের এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সোমবার ক্রেমলিন জানায় যে সম্ভাব্য এই বৈঠক নিয়ে এখনো সুনির্দিষ্ট কোনো প্রস্তাব বা আলোচ্যসূচি নিয়ে আলোচনা হয়নি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, তিন রাষ্ট্রপ্রধানই সম্মেলনে অংশ নিতে পারেন বিধায় এমন একটি কাল্পনিক বৈঠকের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
এদিকে ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া দেশটিতে চলমান যুদ্ধের অবসানে কোনো চূড়ান্ত সমঝোতা সম্ভব নয় বলে ক্রেমলিন জোর দিয়ে বলেছে। পেসকভ স্পষ্ট করেছেন যে দায়িত্ব নিতে প্রস্তুত কিয়েভের কোনো প্রতিনিধির অংশগ্রহণ ছাড়া চূড়ান্ত সমাধান সম্ভব নয়।
উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য শি জিনপিং ও ট্রাম্পের সঙ্গে একটি শীর্ষ বৈঠক করতে চান পুতিন বলে গত রোববার দ্য ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদন প্রকাশ করে। পুতিন বারবার বলেছেন যে চূড়ান্ত শান্তিচুক্তির খসড়া প্রস্তুত হওয়ার আগে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন না।



