আজারবাইজানে বিশ্বকাপগামী অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের সদস্যদের সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আজ সৌজন্য সাক্ষাত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। সেখানে তরুণ ফুটবলারদের উৎসাহিত করার পাশাপাশি মাঠের পারফরম্যান্স নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন তিনি। এসময় বাফুফের পক্ষ থেকে বুট সরবরাহ করা হলেও আরও উন্নত মানের বুটের দাবি জানান খেলোয়াড়রা।
তাৎক্ষণিকভাবে দলের ১৪ জন খেলোয়াড়ের জন্য বুট ক্রয়ের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। খেলোয়াড়দের পছন্দের বুট বাছাই করে চূড়ান্ত খরচ জানাতে বলেন তিনি, যাতে দ্রুত সংস্থানের ব্যবস্থা করা যায়। টুর্নামেন্টে ভালো ফল নিয়ে আসতে পারলে সরকারের পক্ষ থেকে তরুণ ফুটবলারদের জন্য আরও বড় উপহার অপেক্ষা করছে বলেও আশ্বস্ত করেন তিনি।
প্রতিমন্ত্রী আন্তর্জাতিক মঞ্চে শেষ মুহূর্তের সুযোগগুলো সঠিকভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, তরুণ এই দল সীমাবদ্ধতা কাটিয়ে প্রতিটি সুযোগকে সফলতায় রূপ দেবে। দেশের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং সঠিক প্রতিশ্রুতি নিয়ে মাঠে নামলেই আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে সাফল্য সম্ভব বলে উল্লেখ করেন তিনি।
মোট ১৯১টি দেশের অংশগ্রহণে এই বিশালাকার টুর্নামেন্টে পুরো দেশ তাদের দিকে তাকিয়ে থাকবে জানিয়ে তরুণদের উৎসাহ দেন প্রতিমন্ত্রী। একই সাথে গণমাধ্যমের প্রতিনিধিদের শুধু তার বক্তব্য না তুলে ধরে খেলোয়াড়দের প্রত্যাশা ও অনুভূতির কথাগুলো বেশী করে প্রচারের আহ্বান জানান তিনি। যা তৃণমূলের অসংখ্য প্রতিভাবান খেলোয়াড়কে অনুপ্রাণিত করবে বলে মনে করেন প্রতিমন্ত্রী।






