বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে নেপাল। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হারের ধাক্কা কাটিয়ে আজ মালদ্বীপকে ২৪-১৮ গোলে হারিয়েছে তারা। ঢাকার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এই জয় তুলে নেয় হিমালয়ের দেশটি।
ম্যাচের প্রথমার্ধে দুই দল সমানতালে লড়লেও বিরতির সময় ১২-১১ গোলে এগিয়ে ছিল নেপাল। দ্বিতীয়ার্ধে নিজেদের আক্রমণের গতি বাড়িয়ে ব্যবধান বাড়ায় নেপালিরা। শেষ পর্যন্ত ছয় গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। নেপালের হয়ে বিমলা তামাং সর্বোচ্চ সাত গোল করেন।
ক্যারিয়ারে প্রথমবারের মতো ম্যাচসেরার পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত বিমলা তামাং। ম্যাচ শেষে তিনি বলেন, দলের সম্মিলিত প্রচেষ্টাতেই এই জয় সম্ভব হয়েছে। প্রথম ম্যাচে হারের পরও দল মানসিকভাবে ভেঙে না পড়ে পরের ম্যাচগুলোতে ভালো করার সংকল্প করেছিল বলে জানান তিনি।






