প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপান সফরে থাকা ব্যক্তিরা রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার উপযুক্ত কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রীয় কোনো প্রটোকলে পড়েন না এমন ব্যক্তিদের নিয়ে প্রধানমন্ত্রী এই সফর করছেন এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরকে ঘোরাফেরা ও বিনোদনের সফরে পরিণত করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে ১১–দলীয় শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, প্রধানমন্ত্রী কাদের নিয়ে দেশ চালাচ্ছেন এবং দেশ কোন দিকে অগ্রসর হচ্ছে, এসব বিষয় সাধারণ মানুষের মনে বড় ধরনের সংশয় সৃষ্টি করছে। সংবিধান সংস্কার ও রাষ্ট্র মেরামতের দাবিতে তাঁরা মাঠে নেমেছেন এবং ১১ দলের ঐক্য নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হবে না বলে তিনি মন্তব্য করেন। বিরোধী দলের খুলনা অভিমুখে লংমার্চ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে মামুনুল হক জানান, নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন না করলে তাঁরা চুপ করে বসে থাকবেন না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের মহাপরিদর্শকের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বিচারবহির্ভূত ক্রসফায়ারের মতো বিষয়ে সর্বোচ্চ দায়িত্বে থাকা ব্যক্তির কাছ থেকে এমন বক্তব্য আসা অত্যন্ত আতঙ্কজনক। গোপালগঞ্জ হয়ে খুলনা লংমার্চের পথে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এর আগে মঙ্গলবার সকাল ১০টায় বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলের শীর্ষ নেতাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে ভারতের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার মন্তব্য করেন যে, যাঁরা এ বিষয়ে বৈঠক করেছেন, তারাই ভালো বলতে পারবেন।







