নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৩ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৫টা ৩০ মিনিটের দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ সিএনজি পাম্পের সামনে পাকা সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার জেলার চকরিয়া থানার মাতারবাড়ী মকডিল গ্রামের মোছা. ফাতেমা (৪৫) এবং একই থানার ইলিশিয়া লাল ব্রিজ এলাকার মোছা. খালেদা (৩৩)।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানা পুলিশ অভিযান পরিচালনা করে। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোহাম্মদ সফি উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ওই দুই নারীকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৩ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।




