ওমান উপকূলে ভারতের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত আকাশযান থেকে হামলা চালানো হয়েছে। মঙ্গলবার নয়াদিল্লি থেকে প্রাপ্ত খবরে জানানো হয়, এই হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন।
ভারতের নৌপরিবহনমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানান, এমএসভি আল জুসুফি নামের জাহাজটিতে হামলার সময় ১৪ জন ভারতীয় নাবিক ছিলেন। জাহাজের ১৩ জন নাবিক নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন এবং ওমানের কোস্টগার্ড তাদের উদ্ধার করে।
মন্ত্রী আরও জানান, গুজরাটের অধিবাসী গন্ধর্ব নাহীম আজিজ নামের ওই নাবিক গুরুতর আঘাতের কারণে প্রাণ হারিয়েছেন। বিশ্বজুড়ে বাণিজ্যিক জাহাজে নাবিক সরবরাহকারী প্রধান দেশগুলোর মধ্যে ভারত অন্যতম।
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরু করার পর থেকে হরমুজ প্রণালিতে বিভিন্ন জাহাজে হামলায় ভারতের বেশ কয়েকজন নাবিক নিহত হয়েছেন। ভারত এই ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং নিরাপদ জাহাজ চলাচলের আহ্বান জানিয়েছে।







