দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে তিনজনকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) কাজী শৈবাল সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিয়োগপ্রাপ্তরা হলেন— ব্রিগেডিয়ার জেনারেল জাহেদুর রহমান, এনডিসি, পিএসসি (অব.), মোহাম্মদ মোশারফ হোসেন এবং মাসুদুর রহমান শাহ। ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাঁদেরকে এই নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবনিযুক্ত মোহাম্মদ মোশারফ হোসেন বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাই প্রিমিয়ার ব্যাংকে যোগদানের পূর্বে তাঁকে আগের ব্যাংকের পদ ছাড়তে হবে।
ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ এর ২৩(১)(ক) ধারার বিধান অনুযায়ী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে তাঁর পদত্যাগ নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকে অবহিত করার জন্য প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।







